সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন ওই প্রবাসীরা। তাদের বহনকারী গাড়িটি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস ও কর্মরত ছিলেন। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে তারা জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের প্রাণহানি ঘটে।
এদিকে চার প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
দুই প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, “খবরটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর আমি তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।”
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। এর রেশ কাটতে না কাটতেই জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়। এবার একই উপজেলার দুই প্রবাসীসহ সিলেটের চারজনের মৃত্যুর ঘটনায় প্রবাসী পরিবারগুলোতে নতুন করে শোকের আবহ তৈরি হয়েছে।
