বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মহাজনপট্টি এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
শোভাযাত্রায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় ঢোল-বাদ্য বাজিয়ে ও নানা সাজে সজ্জিত হয়ে তাদের শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ , জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা সাবেক সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দলটি বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করে আসছে। আগামী দিনেও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
