সিলেটের কোম্পানীগঞ্জে সামাজিক ও মানবিক সংগঠন “কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”র নবগঠিত কমিটির অভিষেক ও জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
’আর্তমানবতা তরে – ঐক্যবদ্ধ হাতে হাত ধরে’ স্লোগান কে সামনে নিয়ে যাত্রা শুরু করেছে “কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”। আজ রবিবার কোম্পানীগঞ্জ উপজেলার জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাও মাদ্রাসায় নবগঠিত কমিটির অভিষেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া ও দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের নতুন কার্যক্রমের সূচনা করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই পারে একটি আলোকিত ও মানবিক সমাজ গড়ে তুলতে। আর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু সহযোগিতা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব।
কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, সংগঠনের নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোম্পানীগঞ্জের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি এখলাছ আহমেদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জুয়েল, সিনিয়র সহ-সভাপতি হাজী জালাল উদ্দীন, অর্থ সম্পাদক মুর্শেদ আলম, আইন বিষয়ক সম্পাদক লিটন মাহমুদ, সহ আইন বিষয়ক সম্পাদক নোমান আহমেদ ও সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জের মানুষের কল্যাণে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। মোনাজাত শেষে তাবারক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মানবসেবায় অঙ্গীকার, শিক্ষায় আলোর পথে কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা।
