সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক জব্দ এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় ৪৫১ বোতল ভারতীয় ফেয়ারডাইল ও ২৪২ বোতল এসকাফ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১২ লাখ ৬৫ হাজার টাকা।
একই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকটির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাজুল মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামপাশা উত্তরপাড়ার সফিক আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
