Sylhet Nation
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

হত্যাচেষ্টা মামলায় কন্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয় মমতাজ ও রমজান আলীকে।

আদালতে শুনানি চলাকালে নিজেকে নির্দোষ দাবি করে আবেগাপ্লুত হয়ে পড়েন মমতাজ। বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী পেশা ছাড়া আমার অন্য কোনো পেশা নেই। আমি ন্যায়বিচার চাই।’

এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তাঁর অভিযোগ, মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহযোগিতায় মমতাজ ও রমজান আলী এই ঘটনায় জড়িত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন ওমর ফারুক শাকিল। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শাকিল। পরে বিভিন্ন হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গুলির আঘাতে তাঁর ডান চোখটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল।

এ ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। এর আগে গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন মমতাজ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মিরপুরের এই মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখালেন আদালত।